কাল থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

স্বাস্থ্যবিধি মেনে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে রেল চলাচল শুরু হতে যাচ্ছে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনার সংবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।
নাহিদ হাসান খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।
ওমিক্রন ধরনের প্রকোপে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
২০২০ সালে দেশে করোনার সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়। তখন অল্প কিছু আন্তনগর ট্রেন চালু ছিল। এ জন্য ট্রেনগুলোতে যাত্রীদের চাপ বেড়ে গিয়েছিল। তাই এবার সব ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
-B










