রাজধানীতে চলছে ৩ দিনের আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা

ঢাকাঃ রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ সোমবার (৩০ মার্চ) দ্বিতীয় দিনে জমে উঠেছে ৩ দিনের ১৭তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ এবং ল্যাব এক্সপো।
রবিবার (২৯ মার্চ) ৩ দিনের এই মেলা শুরু হয়েছে পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি আয়োজিত এই মেলায় ২০টিরও বেশি দেশের ৪০০টিরও বেশি প্রতিষ্ঠান ঔষধ উৎপাদন, প্যাকেজিং ও ল্যাবরেটরি প্রযুক্তির সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করছে।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুদ্ধ পরিস্থিতি শুধু ওষুধ শিল্প নয়, বিশ্বজুড়ে সব শিল্পের জন্যই বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎ সংকটের কারণে অনেক ক্ষেত্রে ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে, যা ভবিষ্যতে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে।
প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, গত আট বছর দেশে অতিসংক্রামক হাম রোগের টিকাই দেয়া হয়নি। বর্তমানে সৃষ্ট হামের প্রাদুর্ভাব মোকাবেলায় নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬’ নামের আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘মিজেলসের (হাম) রোগী অনেক বেড়েছে। আট বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেয়া হয়েছে। এরপর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই।’
অনুষ্ঠানে ওষুধ শিল্প সমিতির মহাসচিব ডা. জাকির হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আমদানিনির্ভর বেশ কিছু পণ্যের দাম ইতোমধ্যে বেড়ে গেছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) আয়োজনে এ প্রদর্শনীতে এবার ২০টির বেশি দেশের চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ)পর্যন্ত ৩ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। এতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং ও প্যাকেজিং প্রযুক্তি, এপিআই ও এক্সিপিয়েন্টস, অ্যানালিটিক্যাল ও ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্লিনরুম ও এইচভিএসি সিস্টেম, পানি ব্যবস্থাপনা এবং টার্নকি প্রজেক্ট সেবাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে।
-B










