কুয়াকাটা সৈকতে হয়রানিতে পর্যটক
ফটোগ্রাফারদের উৎপাত

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয়জনদের নিয়ে কুয়াকাটা সৈকতে আনন্দ ভ্রমণে আসেন পর্যটকরা। কিন্তু সৈকতে নেমে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে প্রথমে আনন্দিত হলেও কিছু সময় পরই ফটোগ্রাফারদের হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়েন। এ ছাড়া সৈকতে ছাতা বেঞ্চের ভাড়াও রাখা হয় দ্বিগুণ।
জানা গেছে, প্রতিনিয়ত সকাল থেকে কুয়াকাটা চৌরাস্তায় একদল ফটোগ্রাফার, ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে এবং সৈকতের বিভিন্ন-পয়েন্টে দলবেঁধে দাঁড়িয়ে থাকেন। কোনো পর্যটক কুয়াকাটা চৌরাস্তা দিয়ে বিচের দিকে নামার সাথে সাথে তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেন তারা।
সেখানে ছবি তুলবেন না বলে পর্যটকরা চলে এলেও দ্বিতীয় দফায় ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে ফের তাদের ধরা হয়। তৃতীয় দফায় সৈকতে গোসলে নামার সাথে সাথে তিন-চারজন ফটোগ্রাফার পেছনে পেছনে ছুটে চলেন। এতে অনেকটা বিরক্ত হয়ে পড়েন পর্যটকরা। এ ছাড়া সৈকতে ছাতা বেঞ্চে বসলেই ঘণ্টা প্রতি দিতে হয় দ্বিগুণ ভাড়া ৪০ টাকা।
প্রশাসনের সঠিক তদারকি না থাকায় এ কাণ্ড ঘটছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বেঞ্চ ব্যবসায়ী ও ফটোগ্রাফারদের নিয়ন্ত্রণে আনার দাবিও জানিয়েছে পর্যটকরা।
ঢাকার মিরপুর থেকে ঘুরতে আসা পর্যটক ইশরাফ জাহান লিমা বলেন, তিন দফায় আমাদের ছবি তোলার জন্য টোগ্রাফাররা ধরেছেন। এতে অনকেটা বিরক্ত হয়ে হোটেলে ফিরে এসেছি। আজ আর সমুদ্রে নামিনি। কামরাঙ্গীরচর থেকে আসা রাহেলা-মিজান দম্পত্তি জানান, এদের কর্মকাণ্ড অনেকটা হেনস্তা করার মতো। আর আমাদের কাছ থেকে বেঞ্চ ভাড়া রাখা হয়েছে ঘণ্টায় ৪০ টাকা, এটা দ্বিগুণ। অন্যান্য পর্যটন কেন্দ্রে এ রকম নেই।
কুয়াকাটা ফটোগ্রাফার মালিক সমিতির সভাপতি আলআমিন বলেন, আমাদের ২০০ সদস্য রয়েছে। নিয়ম হচ্ছে চৌরাস্তায় নয়, সৈকতের আশপাশে তারা দাঁড়িয়ে থাকবেন, পর্যটকরা পছন্দমতো ফটোগ্রাফারদের নিয়ে ছবি তুলবেন। এর বাইরে কেউ পর্যটকদের বিরক্ত করলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বেঞ্চ ব্যবসায়ী আব্বাস কাজী জানান, ৪০ টাকা করেই ঘণ্টা ভাড়া দেন। এই ভাড়া কে ঠিক করে দিয়েছে সেটা জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পাারেননি।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, ফটোগ্রাফারদের জন্য বেশকিছু নিয়ম করে দেয়া হয়েছে। এর বাইরে কিছু করলে বা পর্যটকদের কাছ থেকে কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অন্যান্য পর্যটন কেন্দ্রে যে হারে বেঞ্চ ভাড়া দেয় এখানেও সে হারে বেঞ্চ ভাড়া ঠিক করে দেয়া হবে বলে তিনি জানান।
-B










