বাণিজ্যমেলা শুরু আজ

ইংরেজি নতুন বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৬তম আসরের পর্দা উঠছে।
আজ থেকে পূর্বাচল নতুন শহরে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৬তম আসর|
মাসব্যাপী চলবে এ মেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন।
গতকাল মেলার এক্সিবিশন সেন্টারে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো এক সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেলার পরিচালক ও ইপিবি সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণে মেলায় কমানো হয়েছে স্টলের সংখ্যা। এছাড়া বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাও কম। ২০২০ সালে ৪৮৩টি ছোট-বড় স্টল ও প্যাভিলিয়ন ছিল। সে সংখ্যা কমিয়ে এবার করা হয়েছে ২২৫টি। এর মধ্যে বিদেশি ৬টি স্টল ও ৪টি মিনি প্যাভিলিয়ন রয়েছে।
২০২০ সালের মেলায় মোট ২১টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছিল। তবে এবার করোনার কারনে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা কম। এবার বাংলাদেশ ছাড়াও ইরান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভারত, পাকিস্তানের স্টল থাকবে বলে জানা গেছে ইপিবি সূত্রে।
ইফতেখার চৌধুরী বলেন, সরাসরি দক্ষিণ কোরিয়া, ভারত ও তুরস্ক অংশ নিচ্ছে মেলায়। এছাড়া দেশি এজেন্টের মাধ্যমে অনেক দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ব্রাজিল থেকে আসতে চেয়েছিল, কিন্তু ওখানে করোনার প্রকোপ বাড়ায় তারা আসতে পারেনি।
এক নজরে এক্সিবিশন সেন্টার
প্রবেশমূল্য ও সময়
*মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
*এবার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
*এবারই প্রথমবারের মতো মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে ৩০টি বিআরটিসি বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মাসব্যাপী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো। এসব বাসে নূন্যতম ২৫ টাকা ভাড়ায় দর্শনার্থীরা যাতায়াত করতে পারবেন।
*৩০টি বাসের পাশপাশি বিআরটিসির মতিঝিল থেকে যে বাস চলাচল করে সেগুলো কুড়িল হয়ে মেলা প্রাঙ্গণে যাবে।
*এবার গেটের থিমে প্রাধান্য দেয়া হয়েছে মেগাপ্রকল্পকে| কর্ণফুলি টানেলের মতো গোল করা হয়েছে প্রবেশপথ।










