ত্রিপুরা-ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আবারও বাংলাদেশের রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমানপরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ দাবি তোলেন তিনি।
গত বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক টুইটে জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন তিনি।
এক্ষেত্রে বাংলাদেশের দুটি জায়গা- ঢাকা ও চট্টগ্রামের কথা উল্লেখ করেছেন বিপ্লব দেব। শহর দুটির সঙ্গে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সরাসরি ফ্লাইট প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
এই দাবি বাস্তবায়নে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
অবশ্য ঢাকা-আগরতলা সরাসরি ফ্লাইট চালুর দাবি ত্রিপুরায় নতুন নয়। ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে তার সঙ্গে দেখা করেও একই আর্জি জানিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তার প্রস্তাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী উৎসাহ দেখিয়েছিলেন বলেও দাবি করেন বিপ্লব দেব।
ভারতের ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার আগরতলা এবং ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চেয়েছে যদিও এই দুই শহরের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।










