টার্কিশ এয়ারলাইনসের যাত্রী পরিবহন বেড়েছে

ঢাকাঃ তুরস্কের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইনস চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে ৫ কোটি ১২ লাখ যাত্রী পরিবহন করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময় প্রতিটি ফ্লাইটে গড়ে ৮২ দশমিক ১ শতাংশ আসন পূর্ণ ছিল।
টার্কিশ এয়ারলাইনস জানিয়েছে, ৭ মাসে যাত্রী সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৬ লাখে। যাত্রীসংখ্যায় প্রবৃদ্ধির হার ৯ শতাংশ। আন্তর্জাতিক রুটে আসন দখল হার ছিল ৮১ দশমিক ৭ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে তা ৮৫ দশমিক ৬ শতাংশ।
জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সংস্থাটির ‘অ্যাভেইলেবল সিট কিলোমিটার’ বা যাত্রী পরিবহনে প্রতি আসনের বিপরীতে অতিক্রান্ত মোট দূরত্ব ৬ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৩৯০ কোটি কিলোমিটারে।
একই সময় মালপত্র ও ডাক পরিবহন বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। জুলাইয়ের শেষে সংস্থার বহরে উড়োজাহাজ ছিল ৪৯১টি।
শুধু জুলাইয়েই টার্কিশ এয়ারলাইনস ৯০ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেশি। ওই মাসে আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী বেড়ে ৩৩ লাখে পৌঁছেছে, যা ১২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি। জুলাইয়ে আসন দখল হার ছিল ৮৫ দশমিক ৪ শতাংশ, এর মধ্যে আন্তর্জাতিক রুটে ৮৪ দশমিক ৮ শতাংশ ও অভ্যন্তরীণ রুটে ৯০ দশমিক ৬ শতাংশ।
জুলাইয়ে সংস্থার অ্যাভেইলেবল সিট কিলোমিটার আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০০ কোটি কিলোমিটারে। মাসটিতে পণ্য ও ডাক পরিবহনের পরিমাণ বেড়ে পৌঁছেছে ১ লাখ ৯১ হাজার ১০০ টন, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ বেশি।
-B










