দুই দিনব্যাপী ডেনিম এক্সপো শুরু আজ


ঢাকাঃ আজ বুধবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী।
রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটির উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জানা গেছে, এবারের আয়োজনটি ডেনিম এক্সপোর ২০তম আসর। এতে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে’।
বাংলাদেশসহ ১০টি দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেবে। এর পাশাপাশি থাকছে ৫টি প্যানেল আলোচনা।
দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা এ আলোচনায় অংশ নেবেন।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো শুধু তাদের উদ্ভাবনী পণ্যই প্রদর্শন করবেন না; বরং এমন নতুন ধারণাও উপস্থাপন করবেন, যা ডেনিম শিল্পের ভবিষ্যৎ রূপ দেখাবে।’





