পর্যটনের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সুবর্ণজয়ন্তী উদযাপনলগ্ন আজ (১ জানুয়ারী) পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে সকাল ১১টায় সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে নানাবিধ অনুষ্ঠান শুরু হয়েছে।
অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা ও ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন, বর্ণাঢ্য রালী, আলোচনাসভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবাইদুল মোকতাদির চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের চেয়ারম্যান এ এইচ এম গোলাম কিবরিয়া।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে পর্যটন শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন, বঙ্গবন্ধু জানতেন পর্যটন শিল্পের পরিকল্পিত বিকাশের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, প্রাকৃতিক সৌন্দর্য সফলভাবে তুলে ধরা সম্ভব। তাই দেশের পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিষ্ঠা করেন।










