ইউএস-বাংলার কারণে বৃদ্ধি পায় বাংলাদেশ-মালদ্বীপের সরাসরি বিমান যোগাযোগঃ প্রধানমন্ত্রী

ঢাকাঃ দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরুর কারণে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, বিমানসংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে একথা বলেন।
প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর থেকে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার ঢাকা থেকে মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এবং একই দিন মালে থেকে ঢাকা রুটেও ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ইউএস-বাংলা মাস্কাট, দোহা, দুবাই, সিঙ্গাপুর, ও কুয়ালালামপুরের ধারাবাহিকতায় মালদ্বীপের রাজধানী মালেতে লক্ষাধিক বাংলাদেশী শ্রমিক ভাইদের সেবা দেয়ার জন্য ফ্লাইট শুরু করে।
বাংলাদেশী পর্যটকরা ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় মালদ্বীপ ভ্রমণে উৎসাহিত হচ্ছে। সেই সঙ্গে মালদ্বীপের নাগরিকদের বাংলাদেশের পর্যটনকেন্দ্র গুলো ভ্রমণে উৎসাহিত করতে কাজ করছে ইউএস-বাংলা।
দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রত্যক্ষ ভূমিকা পালন করছে।










