বিমানের বোয়িংয়ে ইউএস-বাংলা ট্রলির আঘাত

ট্রলির আঘাতের পর উড়াল বন্ধ হয়েছে বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের। এ ঘটনায় বিমান তদন্ত করছে বলে জানা গেছে।
শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি ওই বোয়িংটিতে আঘাত করে বলে বিমান কর্মকর্তারা জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইউএস-বাংলার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, গত শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বে এরিয়াতে দাঁড়িয়ে থাকা বিমানের ৭৩৭ বোয়িংটিকে ইউএস-বাংলার একটি জিএসই ডলি-ট্রলি (মালামাল নেওয়ার গাড়ি) ধাক্কা দিলে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, ব্যাগ বহনের ওই গাড়িগুলো ডলি-ট্রলি নামে পরিচিত। ঢাকা এয়ারপোর্টে বেসরকারি এয়ারলাইন্সগুলো ট্রাক্টরের ইঞ্জিনের সঙ্গে ট্রলি জুড়ে দিয়ে ব্যগ বহনের কাজটি করে। এরকম একটি গাড়ির দুটো ট্রলি চলন্ত অবস্থায় মূল ইঞ্জিন থেকে ছুটে গিয়ে বিমানের বোয়িংয়ে আঘাত হানে।
তাহেরা খন্দকার বলেছেন, বিষয়টি উড়োজাহাজ নির্মাতা বোয়িং কোম্পানিকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী প্রকৌশলীরা এটি মেরামত করবে। এজন্য আরও দুদিন সময় লাগবে।
ইউএস-বাংলা উড়োজাহাজ মেরামতের অর্থ দিতে সম্মত হয়েছে বলেও বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
-B










