মার্কিন পাসপোর্ট ফি ২০ ডলার বাড়লো

মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ফি ২০ ডলার বাড়লো। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গত সপ্তাহে ঘোষণা করেছিল২৭ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বইয়ের দাম সমস্ত গ্রাহকদের জন্যই ২০ ডলার করে বৃদ্ধি পাবে।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, সোমবার থেকে যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধি পেয়েছে। একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে।
এছাড়াও একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি ৩৫ ডলার অপরিবর্তিত থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি ১৩৫ ডলার।
দাম বাড়ানো প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণ এবং পরিচয়ের নথিগুলো তৈরি করার ধারা অব্যাহত রাখা নিশ্চিত করার জন্য এই ফি বৃদ্ধি করা প্রয়োজন ছিল।
উল্লেখ্য যে, এই মাসের শুরুর দিকে পাসপোর্ট প্রদানের প্রক্রিয়াটিকে গতিশীল করার প্রয়াসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যার মাধ্যমে প্রথমবারের মতো আমেরিকানরা অনলাইনে নিজেদের পাসপোর্ট নবায়ন করার সুযোগ পাচ্ছেন। এর ফলে নিজেদের ডকুমেন্টগুলো যেমন সরাসরি পাঠানো লাগবে না, তেমনি মেইলের মাধ্যমে কাগজপত্র যাচাইয়ের প্রয়োজনীয়তাও দূর হবে।










