রাজধানীতে জমে উঠেছে সবুজের প্রাণবন্ত মেলা


ঢাকাঃ রাজধানীতে জমে উঠেছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। সবুজে ঘেরা পরিবেশে দেশিবিদেশি বিভিন্ন প্রজাতির গাছ কিনতে মেলায় ভিড় করছেন নানা শ্রেণিপেশার মানুষ।
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে আয়োজিত এ মেলা চলবে ৮ আগস্ট পর্যন্ত।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি এবার প্রদর্শনীর জন্য আড়াই হাজার প্রজাতির চারা ও গাছ নিয়ে এসেছে। গাছের প্রজাতি ও বয়সভেদে ১০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা। তবে মেলায় ঘর সাজানোর ‘ইনডোর প্ল্যান্ট’ এবং ছাদবাগানের জন্য বিভিন্ন ফল ও ফুলের গাছের চাহিদা সবচেয়ে বেশি।
ঘর সাজানোর ইনডোর প্ল্যান্টের মধ্যে ক্যাকটাস গাছের আকার ও জাতভেদে দাম চাওয়া হচ্ছে ৫০০ থেকে ৫ হাজার টাকা। এ ছাড়া অ্যাগলোনিমা ৪০০ থেকে ২ হাজার টাকা, স্নেক প্ল্যান্ট ও মানি প্ল্যান্ট ৭০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ইনডোর প্ল্যান্টের পাশাপাশি বিভিন্ন জাতের অর্কিডেরও রয়েছে বেশ চাহিদা।
এর মধ্যে ক্যাটেলিয়া জাতের চারা ১ হাজার ৭০০, ভ্যান্ডা ১ হাজার ৮০০, গ্রাউন্ড অর্কিড ১ হাজার ৬০০, ডেনড্রোভিয়াম ৫০০ থেকে ৭০০, অনসিডিয়াম ১ হাজার ২০০ এবং স্প্যানিশ মস ২ হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঘর সাজানোর গাছের পাশাপাশি মেলায় ছাদবাগানের গাছের চাহিদাও চোখে পড়ার মতো।
ছাদবাগানের উপযোগী দেশিবিদেশি বিভিন্ন ফল ও ফুলের প্রতি দর্শনার্থীদের আকর্ষণে কোনো কমতি নেই। ফলের মধ্যে বিভিন্ন জাতের আম, আনার, চেরি, ডুরিয়ান, রামবুটান, পারসিমন ও আজওয়া খেজুরের গাছ দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে। মেলায় চেংমাই, থাই কিউজাই, মিয়াজাকি, রেড আইবেরি, রেড পালমার, থাই কাটিমন, হানিডিউ, অ্যাপেল ম্যাঙ্গো, ব্রুনাই ও ডকমাইসহ বিভিন্ন বিদেশি জাতের আমের চারা ২ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অ্যাভোকাডো চারা ৬০০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কামরাঙা, পেয়ারা, জামরুল, লিচু, কমলা, পেঁপে, ডালিম, জাম, জলপাই, সফেদা ও কাঠলিচুর মতো দেশি ফলের চারা কিনতেও দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। এগুলোর দাম ৩০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। ফুল গাছের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে রঙ্গন, হাসনাহেনা, বেলি, বাগানবিলাস ও কাঠগোলাপ। এ ছাড়া বাসক, অর্গানো, গিনিয়া ও চন্দনের মতো ভেষজ বা ঔষধি গাছের চারাও অনেকে কিনছেন।
মেলার এক বিক্রেতা হাসান জানান, ‘আমাদের নার্সারিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে হানিডিউ ও অ্যাপেল ম্যাঙ্গো জাতের চারা। প্রতিটি চারার দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। হানিডিউ আমের আঁটি পাতলা ও অত্যন্ত মিষ্টি এবং একেকটি আমের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টির কারণে বিক্রি কিছুটা কম হলেও তা উপেক্ষা করেই মানুষ আসছেন। তবে কর্তৃপক্ষ যদি বৃষ্টির কথা বিবেচনা করে মেলার সময়সীমা আরও কিছু দিন বাড়ায়, তবে আমাদের জন্য খুব ভালো হয়।’





