বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম রেকর্ড ১১ হাজার ডলার

ঢাকাঃ আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে ফিফা।
বর্তমানে ফাইনাল ম্যাচের সর্বোচ্চ ক্যাটাগরির একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার।
বিশ্বকাপের টিকিট বিক্রির নতুন ধাপ শুরু হওয়ার পর এ চড়া মূল্যের বিষয়টি সামনে আসে। গত ডিসেম্বরে প্রথম দফায় যখন টিকিট বিক্রি শুরু হয়েছিল, তখন এ টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করছে। এ পদ্ধতিতে টিকিটের চাহিদা অনুযায়ী দাম যেকোনো সময় বাড়তে পারে। ফলে ফাইনালের দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফিফার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ফুটবল ভক্ত ও বিভিন্ন সংস্থা। মার্কিন কংগ্রেসের সদস্যরা ফিফা সভাপতিকে চিঠি লিখে জানিয়েছেন, টিকিটের এ আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের জন্য বিশ্বকাপ দেখা অসম্ভব হয়ে পড়বে।
টিকিট বিক্রির এ ধাপ প্রযুক্তিগত বিভ্রাটের কারণেও সমালোচনার মুখে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার দর্শক টিকিট কিনতে গিয়ে দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করেও সফল হতে পারেনি। অনেকে অভিযোগ করেছে, সাইটে ঢোকার পর কারিগরি ত্রুটির কারণে তারা সমস্যায় পড়েছে। যদিও ফিফা পরে জানায় সমস্যা সমাধান করা হয়েছে, তবে ভক্তদের ক্ষোভ কমেনি।
উদ্বোধনী ম্যাচসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটের দামও আগের তুলনায় বেড়েছে। মেক্সিকো ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম প্রায় ৬৩০ ডলার বেড়ে এখন ২ হাজার ৯৮৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচগুলোর টিকিটের দামও সাধারণের নাগালের বাইরে চলে গেছে।
ফিফা জানিয়েছে, আগামীতে আরো কয়েক দফায় টিকিট ছাড়া হবে, তবে সেগুলোর দাম ও প্রাপ্যতা নিয়ে সমর্থকদের মধ্যে সংশয় রয়েই গেছে।
-B










