ঢাবি চারুকলায় 'জয়নুল উৎসব' শুরু

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৯ডিসেম্বর)থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'জয়নুল উৎসব'।
প্রতিদিন সকাল ১০ থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করে চারুকলা অনুষদ।
চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসবে, নিজেদের তৈরি নানা শিল্পকর্ম ও কারুপণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্টল সাজিয়েছে। জয়নুল গ্যালারিতে বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজনও করা হয়।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এর পরে চারুকলা প্রাঙ্গণে তিন দিনব্যাপী জয়নুল মেলার উদ্বোধন করা হয়।
সকালে অনুষদের বকুলতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, জয়নুল আবেদিন ১৯৪৩ সালে দুর্ভিক্ষের মর্মস্পর্শী ও মানবিক চিত্র এঁকে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিলেন, যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি এনে দিয়েছে।
তার অনন্য অবদানের জন্যই বাংলাদেশের শিল্পচর্চা আজ ঈর্ষণীয় মানে পৌঁছেছে। অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে তিনি মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জাতিকে উজ্জীবিত করেন। শিল্পাচার্যের এসব কর্মপ্রয়াস শিল্পজগতে তাকে অমরত্ব এনে দিয়েছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন।
অনুষ্ঠানে দুই প্রখ্যাত শিল্পী ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিব কুমার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস শাকুর শাহকে জয়নুল সম্মাননা-২০২১ প্রদান করা হয়।
শিল্প আন্দোলনের পুরোধা জয়নুল আবেদিনের অক্লান্ত চেষ্টাতেই বাংলাদেশে আধুনিক শিল্পকলার বিকাশ ঘটে। অসাধারণ শিল্প দক্ষতায় আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতিমান হয়ে ওঠেন বরেণ্য এই শিল্পী।
১৯৪৮ সালে পুরান ঢাকার জনসন রোডে চালু করা জয়নুল আবেদিনের স্বপ্নের আর্ট স্কুলই পরে ১৯৮৩ সালের ১লা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পরিণত হয়।
ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠার জন্যই শুধু নয়, পূর্ববাংলায় শিল্প শিক্ষার প্রসারে আমৃত্যু চেষ্টার জন্য সম্মান জানাতেই তাকে শিল্পাচার্য অভিধা দেওয়া হয়।
১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর কিশোরগঞ্জের কেন্দুয়ায় জয়নুল আবেদিনের জন্ম। ময়মনসিংহে ব্রহ্মপুত্রের পাড়ে বেড়ে উঠা জয়নুল তার ভেতরের শিল্পী সত্ত্বা দিয়ে বার বার পৃথিবীকে নাড়া দিয়েছেন।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে- দুর্ভিক্ষ চিত্রমালা, নবান্ন, ফসল মাড়াই, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি।










