‘খেলনা উড়োজাহাজ’ বলে বিপদে অভিনেত্রী নোরা ফাতেহি


ঢাকাঃ উড়োজাহাজকে ‘টয়’ ও ‘লেগো প্লেন’ বলায় বলিউড অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে ডিউনস এভিয়েশন।
প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার মন্তব্যে তাদের সুনাম ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে।
গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা দেওয়ানি মানহানি মামলায় প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করেছেন। এতে প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ উড়োজাহাজে ছিলেন নোরা। এ সময় তিনি ফ্লাইটের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে উড়োজাহাজটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো প্লেন’ বলে মন্তব্য করেন তিনি। পরে সেগুলো ইনস্টাগ্রামে প্রকাশ করেন।
ডিউনস এভিয়েশনের দাবি, কোনো কারিগরি জ্ঞান, যাচাই বা তথ্যভিত্তিক প্রমাণ ছাড়াই নোরা এসব মন্তব্য করেছেন। তার বক্তব্যের পর প্রতিষ্ঠানটির উড়োজাহাজ ভাড়া নেয়ার বুকিং কমে যায় এবং বাতিলের সংখ্যা বেড়ে যায়।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এসব মন্তব্যের কারণে তাদের ‘গুরুতর সুনামহানি, সুনাম ও ব্যবসায়িক ক্ষতি’ হয়েছে। এতে বুকিং ১৫-২০ শতাংশ কমেছে বলেও দাবি করা হয়েছে।
ডিউনস এভিয়েশন আরো জানিয়েছে, উড়োজাহাজটি ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অনুমোদিত, উড্ডয়নযোগ্য এবং বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের (এনএসওপি) আওতায় পরিচালিত হচ্ছিল।
প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি চাওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত নোরার সব সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও ভিডিও সরিয়ে নেয়ারও দাবি জানিয়েছে।
মামলাটি চলতি বছরের এপ্রিলে করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা।
কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি ২০১৪ সালে ‘রোর; টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এ ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরে বাহুবলি: দ্য বিগিনিং, কিক ২, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, স্ট্রিট ড্যান্সার থ্রিডে, মাদগাঁও এক্সপ্রেস, মটকা ও কেডি: দ্য ডেভিলের মতো সিনেমায় অভিনয় করেন। সিনেমার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। গায়িকা হিসেবেও পরিচিতি রয়েছে তার।










