দেউলিয়া উড়োজাহাজ সংস্থার ব্যবসায়িক তথ্য কিনছে গুগল


ঢাকাঃ দেউলিয়া হয়ে যাওয়া মার্কিন উড়োজাহাজ সংস্থা স্পিরিট এয়ারলাইনসের অভ্যন্তরীণ ব্যবসায়িক তথ্য কিনছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এজন্য ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ব্যয় করবে টেক জায়ান্টটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণ ও নতুন পণ্য বিকাশে এসব তথ্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে গুগলের।
অ্যালফাবেট জানায়, স্পিরিট এয়ারলাইনসের বিক্রি করা তথ্যের মধ্যে রয়েছে কর্মীদের ই-মেইল, মাইক্রোসফট টিমসের বার্তা, বিভিন্ন স্প্রেডশিট ও ক্যালেন্ডার।
এছাড়া বিপণন, উৎপাদনশীলতা ও পরিচালনাসংক্রান্ত তথ্যও রয়েছে। তবে এসব তথ্য বিক্রির আগে ব্যক্তিগত পরিচয় মুছে ফেলা হবে। ফলে এতে কোনো গ্রাহকের তথ্য বা ব্যক্তিগতভাবে শনাক্ত করার মতো কোনো তথ্য থাকবে না।
এসব তথ্য কিনতে আগ্রহী প্রতিষ্ঠান একমাত্র গুগল নয়। এআই ডেটা কোম্পানি মার্করও স্পিরিটকে ৭৫ লাখ ডলারের প্রস্তাব দিয়েছে। তবে গুগলের প্রস্তাবের মূল্য বেশি হওয়ায় সেটিই বর্তমানে এগিয়ে রয়েছে।










