নভেম্বরে আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর


ঢাকাঃ নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, আধুনিক টেকসই প্রতিযোগিতা মূলক পর্যটন খাত গড়ে তুলে বাংলাদেশকে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার ।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে জিডিপিতে পর্যটন খাতের অবদান ২ থেকে ৩ শতাংশ। যা ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার।
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের আশা করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। ১৮০ দিনের পরিকল্পনায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত, নদী ও জলভিত্তিক পর্যটন সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
দেশের ১,৪৯৮টি পর্যটন স্পটে পিপিপি, যৌথ বিনিয়োগ ও লিজের মাধ্যমে বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি ৫৫৪টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে ঘিরে সাংস্কৃতিক পর্যটন বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড চালু করা হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি সভাপতিত্ব করেন।
টেকসই পর্যটন, উদ্ভাবন, সেবার মান, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে বিটিবি ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে।
সেই সাথে ১২টি বিষয়ভিত্তিক স্টলে বাংলাদেশের খাবার, ভৌগোলিক নির্দেশক পণ্য, কারুশিল্প, বস্ত্র, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটনকেন্দ্রগুলো তুলে ধরা হয়।
স্টলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন পর্যটন গন্তব্যের ভার্চুয়াল অভিজ্ঞতাও তুলে ধরা হয়।










