শাহজালালে ইমিগ্রেশন সার্ভার বিকল : ভোগান্তিতে যাত্রী


ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে প্রায় আধাঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর নিয়মিত কার্যক্রম চলাকালে ইমিগ্রেশনের প্রধান সার্ভারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে হঠাৎ সার্ভার বিকল হয়ে পড়ায় বহির্গমন ও আগমনী কাউন্টারগুলোয় যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। নির্ধারিত সময়ে ফ্লাইটে ওঠা নিয়ে অনিশ্চয়তায় পড়েন অনেকে। এতে বিমানবন্দরে বিশৃঙ্খলা ও যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অটোমেটেড ব্যবস্থা অচল হয়ে পড়ায় পাসপোর্ট যাচাই-বাছাই ও সিল মারার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হন দায়িত্বে থাকা কর্মকর্তারা।
পরিস্থিতি সামাল দিতে ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে ট্র্যাকিংয়ের চেষ্টা করলেও ধীরগতির কারণে ভিড় আরো বাড়তে থাকে। তবে ইমিগ্রেশন পুলিশের কারিগরি দল দ্রুত কাজ শুরু করে প্রায় ৩০ মিনিটের মধ্যেই পুনরায় সার্ভার সচল করতে সক্ষম হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ বিভ্রাট ঘটেছিল। সার্ভার স্বাভাবিক হওয়ার পর অতিরিক্ত তৎপরতায় যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।








