
কক্সবাজার: পর্যটন নগরের বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হবে। এ জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট সব শাখা ও যাত্রীবাহী এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, সিএএবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখা এবং যাত্রীবাহী এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের এটিএম, সিএনএস, নিরাপত্তা, ই/এম, সিভিল, ফায়ার ও এমটি শাখাকে জানানো হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রার কক্সবাজার স্টেশন ম্যানেজারদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।














