বিশ্ববাজারে কমলো তেলের দাম
ঢাকাঃ বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা এবং চীনের পরিশোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমতে দেখা গেছে।মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল সরবরাহ প্রায় যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসার পাশাপাশি চীনের পরিশোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমেছে। ফলে বিশ্ববাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ৩৪ সেন্ট হয়েছে।এর আগে শুক্রবারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভূরাজনৈতিক ঝুঁকি কমার সম্ভাবনা পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা। যুদ্ধের নবম মাসে এসে আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি প্রত্যাশার চেয়ে দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও জাহাজ চলাচলে হামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে।কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর এই প্রথম ব্যবসায়ীরা বাজারে সরবরাহ সংকটের পরিবর্তে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে ভাবছেন। বাজারের এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে।আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা ওই সময়ে সম্ভাব্য চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি।