
ঢাকাঃ জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার এবং দেশটিতে কর্মসংস্থানের সুযোগও পাবেন।জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। এর আওতায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।এ ছাড়া, নির্ধারিত শর্ত পূরণ করে জর্ডানে বৈধভাবে অবস্থান ও কাজ চালিয়ে যাওয়ার সুযোগও থাকবে। কর্মীরা চাইলে কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। কিছু ক্ষেত্রে গৃহকর্মীরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি পাবেন।দূতাবাস আরও জানায়, যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন, তারাও ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতিপত্রের জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য সুবিধাগুলো গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।