জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পরও খোলা হয়নি বিলাসবহুল রিসোর্ট সিনদালাহ


ঢাকাঃ সৌদি আরবের ভবিষ্যৎ নগরী ‘নিওম’ প্রকল্পের প্রথম বড় উদ্যোগ হিসেবে তৈরি করা হয়েছিল বিলাসবহুল দ্বীপ রিসোর্ট ‘সিনদালাহ’।
২০২৪ সালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে হলিউড অভিনেতা উইল স্মিথ ও এনএফএল তারকা টম ব্র্যাডির মতো অতিথিরাও উপস্থিত ছিলেন।
সিনদালাহকে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং নিওমের ভবিষ্যতের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। তবে উদ্বোধনের পরও প্রকল্পটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখন এর দায়িত্ব নিয়েছে রাষ্ট্রায়ত্ত সৌদি উন্নয়ন প্রতিষ্ঠান রেড সি গ্লোবাল। নতুন পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটিকে আবার সচল করার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।
নিওম হলো সৌদি আরবের প্রায় ৫০ হাজার কোটি ডলারের ভবিষ্যৎ নগরী নির্মাণ পরিকল্পনা। সিনদালাহকে এ প্রকল্পের প্রথম দৃশ্যমান সাফল্য হিসেবে উপস্থাপন করা হয়েছিল। লক্ষ্য ছিল আন্তর্জাতিক পর্যটক, ধনী ভ্রমণকারী ও ব্যক্তিগত বিলাসবহুল ইয়টের মালিকদের আকর্ষণ করা। সে উদ্দেশ্যে সেখানে সুপারইয়ট মেরিনা, বিলাসবহুল হোটেল, উন্নতমানের রেস্তোরাঁ ও অভিজাত খুচরা বিক্রয় কেন্দ্র নির্মাণ করা হয়।
তবে উদ্বোধনের পর প্রকল্পটি সাধারণ দর্শনার্থীদের জন্য আর খুলে দেয়া যায়নি। সময়মতো কাজ শেষ করার চাপে নির্মাণকাজে নানা ক্ষেত্রে আপস করা হয়েছিল বলে পরে জানা যায়। ফলে নির্মাণের মান, সমাপ্তি কাজ ও কারিগরি মান নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দেয়। এতে সিনদালাহের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
এ অবস্থায় সিনদালাহকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব পায় রেড সি গ্লোবাল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জন পাগানো। তিনি ক্যারিবীয় অঞ্চলের অন্যতম বৃহৎ বিলাসবহুল রিসোর্ট ‘বাহা মার’ প্রকল্প বাস্তবায়নের জন্য পরিচিত।
বড় পর্যটন প্রকল্প সফলভাবে পরিচালনার অভিজ্ঞতার কারণে সৌদি আরবে অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে সিনদালাহ আবারো সম্ভাবনার পথে ফিরতে পারে।
ইতালির রোমে গত জুনে এক ব্যবসায়িক অনুষ্ঠানে সংবাদমাধমকে দেয়া সাক্ষাৎকারে জন পাগানো জানান, তার দল পুরো প্রকল্পের বিস্তারিত পর্যালোচনা করবে। কোথায় সমস্যা হয়েছে ও কীভাবে প্রকল্পটিকে আবার চালু করা যায়, সেটিই হবে তাদের প্রধান লক্ষ্য। তার ভাষায়, সিনদালাহকে আবার ‘সচল’ করে তুলতে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হবে।










