পর্যটনে গতি আনতে লাদাখে বিমানবন্দর তৈরির পরিকল্পনা


ঢাকাঃ লাদাখে উড়োজাহাজ যোগাযোগ বাড়াতে নুব্রা ভ্যালির থোইস বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই শুরু হতে পারে যাত্রীবাহী ফ্লাইট। পাশাপাশি কার্গিল এয়ারস্ট্রিপকেও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার উদ্যোগ চলছে।
লাদাখের দুর্গম ও পাহাড়ি এলাকায় পর্যটন ও যোগাযোগ বাড়াতে থোইস ও কার্গিলে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে লেহ বিমানবন্দরই প্রধান আকাশপথের কেন্দ্র হলেও খারাপ আবহাওয়ার কারণে সেখানে ফ্লাইট ব্যাহত হয়। থোইস থেকে ফ্লাইট চালু হলে নুব্রা ভ্যালি, তুরতুক ও সিয়াচেনের মতো এলাকায় দ্রুত যাতায়াতের বিকল্প তৈরি হবে।
বাণিজ্যিক কার্যক্রমের জন্য থোইস বিমানবন্দরে অবকাঠামো উন্নয়ন, ৫ একর জমিতে বিমানবাহিনীর টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে পুনঃপৃষ্ঠায়নের কাজ চলছে। অন্যদিকে কার্গিলের বিদ্যমান এয়ারস্ট্রিপকেও বাণিজ্যিক ফ্লাইটের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন, হোটেল, পরিবহনসহ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনার মতে, থোইস ও কার্গিলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হলে কার্গিল, গ্রাস, তুরতুক এবং সিয়াচেন বেস ক্যাম্পের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পর্যটকদের যাতায়াত বাড়তে পারে। ফলে লাদাখের পর্যটন খাত আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি দুর্গম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।










