শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা


ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (৫ জুন) গুলশান-২ গোল চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে যৌথভাবে শব্দ সচেতনতামূলক সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
সমাবেশে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে।
আজ (শুক্রবার) থেকে এ এলাকা নীরব এলাকা থাকবে। এখানে কোনো শব্দদূষণ থাকবে না। কেউ যদি আইন অমান্য করে তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোরভাবে বাস্তবায়ন করবে।’
তিনি বলেন, ‘গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা নীরব এলাকা হিসেবে ঘোষিত এবং এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন শব্দদূষণ ও বায়ুদূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবে। আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতায় কিছুটা হলেও শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে।
সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে সচেতনতামূলক বার্তা সংবলিত সাইনবোর্ড টাঙানো, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে পিভিসি প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।’




