টাইফুন ডলফিনের আঘাত - সাংহাই থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ


ঢাকাঃ চীনের প্রধান আর্থিক কেন্দ্র সাংহাই এ শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত হানায় ২টি বিমানবন্দরে অন্তত ১,৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া, ঝেজিয়াংয়ের হাংঝৌ বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় ২৭০টি ফ্লাইট। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু এলাকায় ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে ফেরি চলাচল ।
একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সাংহাইয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করেছে শহরের হংকিয়াও ও পুডং বিমানবন্দর।
চীনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
আকাশ ও নৌপথ বন্ধ, ব্যাপক স্থানান্তর
সাংহাইয়ের হংছিয়াও ও পুডং প্রধান দুটি বিমানবন্দরের পাশাপাশি তাইওয়ানও তাদের কয়েকটি এয়ারলাইন্স বন্ধ রেখেছে।
ঝেজিয়াং প্রশাসন ফেরি ও প্রমোদতরীসহ সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
জাপান ও তাইওয়ানে তাণ্ডব
চীনে আঘাত হানার আগেই ঝড়টি জাপানের ওকিনাওয়ায় তাণ্ডব চালালে ৬ জনকে আহত এবং ৫০ হাজারের বেশি ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
এছাড়া, এই ঝড়ের কারণে শনিবার তাইওয়ানের রাজধানী তাইপেইসহ উত্তরাঞ্চলে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে ।










