ঢাকাঃ উড়োজাহাজে বসে নেটফ্লিক্স দেখা বা বড় ফাইল পাঠানো এখন আর কল্পনা নয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স (এসআইএ) তাদের নির্বাচিত ফ্লাইটে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা চালু করতে যাচ্ছে।
এক বিবৃতিতে এই ঘোষণা দেয় এয়ারলাইন্সটি। ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে শুরু হয়ে ২০২৯ সালের শেষ পর্যন্ত ধাপে ধাপে এই সেবা চালু হবে।
লো-আর্থ অরবিট স্যাটেলাইটে কেন গতি বেশি
সেবাটি পাওয়া যাবে এয়ারবাস এ৩৫০-৯০০ লং-হল, এ৩৫০-৯০০ আলট্রা-লং-রেঞ্জ ও এ৩৮০ উড়োজাহাজে। স্টারলিংক হাজার হাজার লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে, যেগুলো পৃথিবীর অনেক কাছে থাকায় ডেটা ট্রান্সফারের দূরত্ব কম। ফলে গতি বেশি ও ল্যাগ কম।
নেটওয়ার্ক ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান উকলার তথ্য অনুযায়ী, ইউনাইটেড এয়ারওয়েজে স্টারলিংকের মাধ্যমে ডাউনলোড স্পিড পাওয়া গেছে ৩২০ এমবিপিএস, যেখানে ইনটেলস্যাটের স্পিড মাত্র ৫৬ এমবিপিএস।
সব ক্যাবিন ক্লাসে বিনামূল্যে পাওয়া যাবে স্টারলিংক
সব ক্যাবিন ক্লাসের যাত্রীরা বিনামূল্যে এই সেবা পাবেন। ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া, গেমিং ও বড় ফাইল পাঠানো সবই চলবে টেকঅফ থেকে ল্যান্ডিং পর্যন্ত। এসআইএর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়ো ফি তেইক বলেন, স্টারলিংক বিমান ভ্রমণে ইন্টারনেট অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে।
কাতার, ব্রিটিশ এয়ারওয়েজ ও এমিরেটসের সারিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স
কাতার এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের পর এখন সিঙ্গাপুর এয়ারলাইন্সও স্টারলিংক যুক্ত হচ্ছে। সম্প্রতি এমিরেটসও তাদের প্রথম স্টারলিংক-সজ্জিত ফ্লাইট সম্পন্ন করেছে।
-B