বিমানের রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত


ঢাকাঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা নিয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
এছাড়া যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে।










