এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে হাইজ্যাক আতঙ্ক


ঢাকাঃ মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড়োজাহাজ হাইজ্যাকের হুমকির জেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ঘটনাটি ঘটে।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উড্ডয়নের প্রস্তুতি চলাকালে উড়োজাহাজের একটি শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত হুমকিমূলক বার্তাটি দেখতে পাওয়া যায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান।
খবর পেয়ে উড়োজাহাজটিকে দ্রুত বিচ্ছিন্ন স্থানে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা কর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা জানতে উড়োজাহাজের প্রতিটি কোণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।
আয়নায় এই হুমকিমূলক বার্তা কে লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা বের করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো যৌথ তদন্ত শুরু করেছে। বিমানবন্দর প্রাঙ্গণ এবং উড়োজাহাজের ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন তারা।










