কপ ২৬: বন উজাড় বন্ধের চুক্তিতে নীরব বাংলাদেশ

‘গ্লাসগো জলবায়ু সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন ধ্বংস বন্ধে বিশ্বের ১২৪টি দেশের ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করেনি বাংলাদেশ। যদিও বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, বন রক্ষায় সবার (স্বাক্ষর করা দেশ) সঙ্গে বাংলাদেশও একমত। এই মুহূর্তে ওই ঘোষণার সঙ্গে যুক্ত না হলেও বিষয়টি তারা চিন্তা-ভাবনা করছেন।
আফ্রিকার বহুদেশ বিশেষ করে বিশ্বের বৃহত্তম বন আমাজন ধ্বংসের অভিযোগ যে ব্রাজিলের বিরুদ্ধে, বন রক্ষার উদ্যোগে তারাও একমত হয়ে স্বাক্ষর করেছে। স্বাক্ষর দাতার তালিকায় আছে আরও বেশ কয়েকটি দেশ। সবমিলিয়ে তালিকায় নাম লেখানো দেশগুলোর দখলে আছে পৃথিবীর মোট বনের ৮৫ শতাংশ।
তবে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, দেশের সংবিধানেই বন রক্ষার গুরুত্ব তুলে ধরা আছে। সেই আলোকে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা আছে। কাজেই তালিকায় বাংলাদেশ থাকবে কি থাকবে না তা নিয়ে আলোচনা চলছে। বন রক্ষায় ১৪ বিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠনের ঘোষণা করা হয়েছে।
শুধু প্রাকৃতিক বনভূমি রক্ষা নয়, জলবায়ু মোকাবেলায় শহরগুলোতে সামাজিক বনায়ন বাড়ানোর প্রস্তাবও এসেছে সম্মেলনে।
এদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের সাড়া না দেয়া হতাশাজনক ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী সংগঠনগুলো|










