সেন্টমার্টিনে আটকে পড়েছেন ৩ শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন ৩ শতাধিক পর্যটক। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটকরা সেখান থেকে ফিরতে পারেননি। ট্রলার ও স্পিডবোট যোগে তারা সেন্টমার্টিন পৌঁছেন বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক কর্মকর্তা।
তবে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলে জানিয়ে টেকনাফ মডেল থানার এক কর্মকর্তা বলেন, ‘সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের খোঁজ-খবর রাখতে দ্বীপের পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।’ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি।
বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে। তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোন ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড, বলেন স্থানীয় এক কর্মকর্তা।’
তিনি আরও জানান, তারা এখানে নিরাপদে রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরত যাবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, হয়তো কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরি আবহাওয়া সেরে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।’










