আসপারা ফ্যাশন উইকে বাংলাদেশ

টেকসই উন্নয়নকে আধুনিক ফ্যাশনের মাধ্যমে তুলে ধরতে কাজাখস্তানের তারাজ শহরে হয়ে গেল আসপারা ফ্যাশন উইক। ৭ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলা এই ফ্যাশন উইকে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল বাংলাদেশ।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) ১১ জন নকশাবিদের করা দেশি কাপড় প্রদর্শিত হয় আন্তর্জাতিক এই ফ্যাশন উইকে। যা ছিল একটি ভার্চ্যুয়াল আয়োজন। ৮ অক্টোবর বাংলাদেশের নকশাবিদদের নকশা করা পোশাক প্রদর্শন করা হয়।
বাংলাদেশের নকশাবিদদের নকশা করা পোশাকের ফ্যাশন অডিও ভিজ্যুয়াল তৈরি করে পাঠানো হয়। যা প্রদর্শিত হয় আন্তর্জাতিক ওই ফ্যাশন মঞ্চে।
এ বছর অংশগ্রহণের মাধ্যমে আসপারা ফ্যাশন উইকের সঙ্গে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। মালয়েশিয়ান ডিজাইনার এডরিক অং এবং তাঁর প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকো ফাইবার অ্যান্ড টেক্সটাইল ফোরাম দীর্ঘদিন ধরে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাঁর আমন্ত্রণেই বাংলাদেশ এই ফ্যাশন উইকে অংশ নেয়। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছিল এই আয়োজনে। যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। এশিয়া থেকে মোট ৪০ জন নকশাবিদ এতে অংশ নিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন এফডিসিবির ১১ জন নকশাবিদ। এ ছাড়া নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ইংল্যান্ড ও আমেরিকার নকশাবিদেরাও ভার্চ্যুয়ালি অংশ নেন এই ফ্যাশন উইকে, জানালেন এফডিসিবির সভাপতি ও ডিজাইনার মাহিন খান।
বাংলাদেশ থেকে অংশ নেওয়া নকশাবিদদের মধ্যে ছিলেন মাহিন খান, চন্দনা দেওয়ান, কুহু প্লামন্দন, ফারাহ আনজুম বারী, এমদাদ হক, শৈবাল সাহা, লিপি খন্দকার, শাহরুখ আমিন, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসি ও ফাইজা হক।










