উড়োজাহাজের টিকিট বিক্রির নামে টাকা পাচার

অনলাইনে অস্বাভাবিক মূল্যছাড়ে উড়োজাহাজের টিকিট বিক্রির নামে সাধারণ গ্রাহক ও বিভিন্ন এজেন্সির কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪টিকেটডটকমের বিরুদ্ধে।
সাধারণ গ্রাহক ও এজেন্সির অভিযোগের প্রাথমিক তদন্ত করে ৪ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৩২৪ টাকা পাচারের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম (ফাইন্যান্সিয়াল ক্রাইম) ইউনিট। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. নাসরিন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক, পরিচালক প্রদ্যোত বরণ চৌধুরী, পরিচালক এম মিজানুর রহমান এবং পরিচালক আসাদুল ইসলামকে আসামি করা হয়েছে।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত এজেন্সির মালিকরাও ২৪টিকেটডটকমের পরিচালনা পর্ষদের সদস্যদের নামে বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। এর মধ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. নাসরিন সুলতানা, এমডি মো. আব্দুর রাজ্জাক ও পরিচালক আসাদুল ইসলামের বিরুদ্ধে কাফরুল, পল্টন ও ধানমন্ডি থানায় আলাদা কয়েকটি মামলা হয়।
এর মধ্যে ইউনিক এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনালের মালিকের করা এক মামলার পরিপ্রেক্ষিতে রাকিবুল হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সিআইডির একটি দল তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে বলে জানিয়েছেন সংস্থাটির গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি বলেন, রাকিবুল সরাসরি যুক্ত না থাকলেও আড়াল থেকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, রাকিবুল ইসলাম অভিযুক্ত চেয়ারম্যান মোছা. নাসরিন সুলতানার ভাই ও প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে তিনি সব মিটিংয়ে উপস্থিত থাকতেন।
সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, আমাদের পক্ষ থেকে অর্থপাচার আইনে মামলা করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলার তদন্তের কার্যক্রম চলছে। এসব মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হলে আমাদের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবে। এছাড়া অর্থ আত্মসাতের বিষয়টি নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।










