মন্ত্রণালয় দেবে আমিরাতগামী কর্মীদের করোনা টেস্টের ফি

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের করোনার আরটি-পিসিআর টেস্ট ফি’র ১ হাজার ৬শ’ টাকা সরকার পরিশোধ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে অর্থ পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য ধার্যকৃত ১ হাজার ৬শ’ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।










