ক্রমেই উজ্জ্বলতা হারাচ্ছে পৃথিবী!

ক্রমেই উজ্জ্বলতা হারাচ্ছে আমাদের নীল গ্রহ। ক্রমেই যেন ফিকে হচ্ছে সে। আর এর পিছনে ‘ভিলেন’ সেই বিশ্ব উষ্ণায়ন । এমনটাই দাবি গবেষকদের। দেখা যাচ্ছে আজ থেকে ২০ বছর আগে প্রতি বর্গ মিটারে যতটা আলো প্রতিফলিত হত পৃথিবী থেকে, এখন তার চেয়ে এক ওয়াটের অর্ধেক পরিমাণ আলো কম প্রতিফলিত হচ্ছে।
সম্প্রতি জিওফিজিক্যাল গবেষণাপত্র নামক এক জার্নালে এমনই তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
গত কয়েক বছরে জলবায়ুর পরিবর্তনকে ঘিরে উদ্বেগ ক্রমেই বেড়েছে বিজ্ঞানী ও পরিবেশবিদদের। এবার নয়া গবেষণায় জানা গেল বিশ্ব উষ্ণায়নের ধাক্কাতেই উজ্জ্বলতা হারিয়ে ফেলছে পৃথিবী। আপাত ভাবে অবাক লাগতেই পারে একথা ভেবে যে, কী করে এই পরিমাপ করা সম্ভব? কিন্তু বিজ্ঞানীদের পক্ষে তা অসম্ভব কিছু নয়। তাঁদের সূক্ষ্ণ হিসেবেই ধরা পড়ে গিয়েছে এই পরিবর্তনটি। মূলত সমুদ্রের পানির উষ্ণ হয়ে ওঠাতেই এই উজ্জ্বলতা হ্রাস।
পৃথিবী কম আলো প্রতিফলিত করছে- এই তথ্য থেকে অনেকেই ধারণা করছেন, তার মানে পৃথিবী অনেক বেশি সূর্যরশ্মি শোষণ করছে আমাদের গ্রহ। কোনও কোনও বিজ্ঞানী আবার আশা প্রকাশ করেছেন যে, পৃথিবী উত্তপ্ত হলে আরও বেশি মেঘ আকাশে থাকবে। এর ফলে কমতে পারে তাপমাত্রা। কিন্তু অনেকেরই ধারণা, ব্যাপারটা তা নয়। বরং বেশি পরিমাণে সূর্যের আলো শোষণ করলে পৃথিবীর উত্তাপ বাড়বেই। যা আগামী দিনের জন্য খুব একটা সুখকর হবে না বলেই আশঙ্কা।










