উপহার না দিতে অনুরোধ রোমানিয়া দূতাবাসের


ঢাকাঃ রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনও কর্মকর্তা বা কর্মচারীকে কোনও ধরনের উপহার, উপঢৌকন, অর্থ বা বিশেষ সুবিধার প্রস্তাব না দেওয়ার জন্য সেবাগ্রহীতাদের বিনীত অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দূতাবাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি বিধিনিষেধ রয়েছে। এ ধরনের উপহার দেওয়া বা দেওয়ার প্রস্তাব কর্মকর্তা-কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে এবং তাঁদের পেশাগত নিরপেক্ষতা নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন তুলতে পারে।
দূতাবাস জানিয়েছে যে, উপহার নয় বরং কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতি সম্মান প্রদর্শনই হচ্ছে প্রকৃত সৌজন্য।
বিজ্ঞপ্তিতে সেবাগ্রহীতাদের আশ্বস্ত করে বলা হয়, দূতাবাসের সব সেবার জন্য আইন অনুযায়ী নির্ধারিত ফি আদায় করা হয় এবং তা সরাসরি সরকারি কোষাগারে জমা হয়। কোনও উপহার বা ব্যক্তিগত সৌজন্য দূতাবাসের কোনও সিদ্ধান্ত, সেবার মান কিংবা সেবা প্রদানের অগ্রাধিকারকে সামান্যতম প্রভাবিত করতে পারে না।










