কার্গো ভিলেজের অব্যবস্থাপনায় সালমানের ক্ষোভ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঝটিকা পরিদর্শনে গিয়ে রপ্তানি পণ্যের স্ক্যানিং করার প্রক্রিয়া ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন|
পরিদর্শন শেষে তিনি বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতিতেই নষ্ট হয়েছে স্ক্যানার। ফলে ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রম। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কেউই জবাবদিহীতার আওতায় নেই বলে জানান তিনি।
সালমান সাংবাদিকদের আরো জানান, "কর্তৃপক্ষের গাফিলতির কারণে মেশিন নষ্ট হয়ে আছে। তাদেরকে জবাবদিহি করার জন্য মন্ত্রণালয় ও সচিবের সঙ্গেও শিগগিরই বৈঠক হবে। রপ্তানি হচ্ছে দেশের অর্থনীতির লাইফ লাইন, এখানে ব্যত্যয় হতে দেওয়া যাবে না। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি"।
উল্লেখ্য যে ব্যাবসায়ীরা দাবি করে আসছেন,ক্রেতা ধরে রাখতে বিভিন্ন দেশের প্রতিনিয়ত প্রতিযোগীতা চলে রপ্তানির তৈরি পোশাকখাতে। বিমান কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
তাদের অভিযোগ, বিমানবন্দরের কার্গো ভিলেজে স্থাপনের দেড় বছরের মধ্যেই নষ্ট হয়েছে বিস্ফোরক শানাক্তের বিশেষ স্ক্যানার-এডিএস মেশিন দুটি। আর দুটি বসানোই হয়নি। ফলে বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে ইউরোপীয় ক্রেতারা। ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।










