কক্সবাজারে আটকে পরা পর্যটকদের উদ্ধারে ফ্রি পুলিশ বাস সার্ভিস

ঢাকাঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসে আটকে পড়েছে হাজার হাজার পর্যটক। ফলে, তাদের উদ্ধারে বাংলাদেশ পুলিশ কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে চালু করেছে বাস সার্ভিস।
কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পর্যটকদের পৌঁছে দেওয়া হবে এই বাস সার্ভিসের মাধ্যমে।
পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না। পুলিশ সুপার, কক্সবাজার জেলা যে সমস্ত পর্যটকগণ কক্সবাজারে আটকে পড়েছেন তাদের কে পুলিশ লাইন্স, কক্সবাজারে - ০১৩২০১০৮৪৭৪ - যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বাংলাদেশ মনিটরকে জানান, সাপ্তাহিক দুই দিনের ছুটি হাতে রেখে পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসেছিল হাজার হাজার পর্যটক। কিন্তু বাস ধর্মঘটে আটকে পড়ায় ক্ষতির মুখে পড়েছে পর্যটকরা। সে বিবেচনায় নিজস্ব পরিবহনে পর্যটকদের ঢাকার উদ্দেশে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
তিনি আরও বলেন, অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় তারা অনেকেই আবার কক্সবাজার ত্যাগ করতে পারছেন না।










