বিমান ভাড়ায় ভর্তুকির কথা ভাবছে সরকার
রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায়

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় বিমান ভাড়ায় ভর্তুকি দেওয়ার কথা ভাবছে সরকার।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী মঙ্গলবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘বিমানের ভাড়া বৃদ্ধির প্রক্রিয়াটা শুধু বিমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বিষয়।
মধ্যপ্রাচ্যগামী কর্মীরা সাধারণ ফ্লাইটের ৪-৫ দিন আগে তাদের ভিসা হওয়ার সংবাদ পান। তাই কম সময়ের মধ্যে টিকেট কাটতে গিয়ে তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কিভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায় এটি নিয়ে চিন্তা-ভাবনা চলছে।’
ওসমানী বিমানবন্দরের টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য ‘উপযুক্ত’ হলেও তা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ‘উপযোগী নয়’ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাবে সরাসরি ফ্লাইট। নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হলেই সেই সুযোগ আসবে। ইতোমধ্যে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও শক্তি বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে।’
বিমান প্রতিমন্ত্রী জানান, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের সঙ্গে পরামর্শ করে, তাদের নির্দেশনা মতো টার্মিনাল দিয়ে ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
মাহবুব আলী এদিন সাংবাদিকদের জানান, শিগগিরই ঢাকা-নিউইয়র্ক বিমানের ফ্লাইট চালুর হবে।
তিনি জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে একটি অডিট টিম আসছে। কিছুদিন পর তাদের দ্বিতীয় টিম আসবে। আশা করছি খুব শিগগির নিউইয়র্কের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে পারব।
এদিকে ওসমানী বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। ১১৬টি পাইলিংয়ের মধ্যে মঙ্গলবার প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়। এ সময় বিমান ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
-B










