কক্সবাজারে বিপাকে হাজার হাজার পর্যটক

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসে আটকে পড়েছে হাজার হাজার পর্যটক।
স্থানীয় বিভিন্ন সূত্র বাংলাদেশ মনিটরকে বলেন, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে শুক্র ও শনিবার হাতে রেখে বৃহস্পতিবার কক্সবাজার আসেন হাজার হাজার পর্যটক।কিন্তু কোন পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎই গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন শহরে বেড়াতে এসে আটকা পড়ে তারা আর নিজ গন্তব্যে ফিরতে পারেনি।
এদিকে, এই সমস্যায় কক্সবাজার জেলা পুলিশ পর্যটকদের পাশে দাঁড়িয়ে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বাংলাদেশ মনিটরকে জানান, সাপ্তাহিক দুই দিনের ছুটি হাতে রেখে পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসেছিল হাজার হাজার পর্যটক। কিন্তু বাস ধর্মঘটে আটকে পড়ায় ক্ষতির মুখে পড়েছে পর্যটকরা। সে বিবেচনায় নিজস্ব পরিবহনে পর্যটকদের ঢাকার উদ্দেশে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
তিনি আরও বলেন, অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় তারা অনেকেই আবার কক্সবাজার ত্যাগ করতে পারছেন না।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বাংলাদেশ মনিটরকে বলেন, পূর্ব থেকে হোটেল রুম বুকিং দিয়ে যাদের শুক্রবার বিকালে পৌঁছার কথা ছিল, কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে ভ্রমণে আসতে পারেননি প্রায় ৩০ হাজার পর্যটক। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।










