আজ ট্যুরিস্ট পুলিশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

পর্যটকদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে গঠিত বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
আট বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে টুরিস্ট পুলিশ। প্রতিষ্ঠাবার্ষিকীর ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ পর্যন্ত বর্ণাঢ্য র্যা লির মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। এছাড়াও রয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন ও বর্ণিল অনুষ্ঠান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে র্যাড়লির উদ্বোধন করবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনাসভা, লাবণী বিচে ফানুস ওড়ানো, লাইট শো, আতশবাজি ইত্যাদি। আগামী ১১ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে পর্দা পড়বে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
কক্সবাজারকে প্রতিষ্ঠাবার্ষিকীর ভেন্যু হিসেবে নির্বাচনের কারণ তুলে ধরে ট্যুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্র্যান্ডিং করতে চাই। কক্সবাজারকে বিশ্বে তুলে ধরার মাধ্যমে পর্যটন আকর্ষণ বাড়াতে আমরা আইজিপি মহোদয়ের সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় নিরলস কাজ করছি। ইতোমধ্যে পর্যটকদের বিশ্বমানের সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে টুরিস্ট পুলিশ সক্ষম হয়েছে।
উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ৬ নভেম্বর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে ট্যুরিস্ট পুলিশ।










