টাইমস স্কয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল

ঢাকাঃ ‘সম্প্রীতির নববর্ষ’—এ স্লোগান সামনে রেখে আগামী ১১ এপ্রিল শনিবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে হতে যাচ্ছে বাংলা বর্ষবরণের মহোৎসব।
প্রবাসী বাঙালিদের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ও সাংস্কৃতিক মহড়া।
এ উপলক্ষ্যে শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মহড়া অনুষ্ঠানের শুরুতে এ ঘোষণা দেন আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা।
তিনি জানান, গত তিন বছরের ধারাবাহিকতায় এবারো টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনের পরদিন ১২ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে।
এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির তার বক্তব্যে বাঙালির অসাম্প্রদায়িক এ উৎসবের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।
-B










