বিভাগীয় শহরে বাড়ছে জ্বালানি সরবরাহ

ঢাকাঃ চলমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও পেট্রলের বিক্রি আগের চেয়ে বাড়িয়ে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি তার অধীনস্থ বিপণন কোম্পানিগুলোকে নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণসংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এর আওতায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রল) বিক্রির গড় হার ২৫ শতাংশ কমানোর পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনপ্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে।
বিপিসি জানিয়েছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতে তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও সরবরাহ সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানির পার্সেল দেশে আনা হচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
এতে আরো বলা হয়, বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত গ্রাহকদের কাছে সরাসরি জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে এবং সে অনুযায়ী সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলপি গ্যাস লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি।
-B










