দুয়ার খুলছে মালয়েশিয়া

মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন দেশটির সীমান্তবর্তী বর্ডারগুলো বর্তমান ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।
দেশটির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তিনি বলেন, বিদেশি পর্যটকদের অবশ্যই মালয়েশিয়ায় প্রবেশকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রবেশের আগে ও পরে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।
তবে যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। মালয়েশিয়ায় পৌঁছার পর আবারও কোভিড পরীক্ষা করাতে হবে। সেখানে ফল নেগেটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে না।
এর আগে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) এক বৈঠকে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ সীমান্ত খোলার বিষয়টি উত্থাপন করেছিলেন।
তিনি আরও জানান, ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন এনআরসিকে বর্তমান মহামারি পরিস্থিতি বিশেষ করে ওমিক্রন বৈকল্পিকের বিস্তার সম্পর্কে অবহিত করেছেন।
যদিও দৈনিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ অনুযায়ী দেশটিতে টিকাদানের উচ্চ হার এবং বুস্টার শট বাস্তবায়ন, ক্যাটাগরি-৩ এর অধীনে গুরুতর সংক্রমণের সংখ্যা হ্রাস করতে সফল হয়েছে।
মালয়েশিয়ায় করোনা মহামারি পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় সরকার সব ধরনের নিষেধাজ্ঞা শিথিল করছে। এতদিন বিশ্বের অন্যান্য দেশের সাথে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে স্পেশাল ও চাটার্ড ফ্লাইট পরিচালনা করছিল কুয়ালালামপুর।
বর্তমানে দেশটিতে শুধুমাত্র জরুরি অবস্থা, দাপ্তরিক ব্যবসা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের মতো কেস-টু-কেস ভিত্তিতে বিদেশিদের জন্য বর্ডার উন্মুক্ত করা হয়েছে।
সম্পূর্ণভাবে টিকা নেওয়া যাত্রীদের জন্য সাত দিন এবং আংশিক টিকাপ্রাপ্তদের জন্য ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিন রয়েছে। এছাড়া যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের পাঁচ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ রয়েছে।
প্রসঙ্গত, মুহিউদ্দিন ইয়াসিন যিনি গত বছরের আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং সেপ্টেম্বরে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি)’র চেয়ারম্যান নিযুক্ত হন।
-B










