আজ শেষ হচ্ছে ১৫তম বিআইআইডি এক্সপো

ঢাকাঃ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৩ দিনের ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬’ আজ শনিবার (৯ মে) শেষ হচ্ছে।
৭-৯ মে পর্যন্ত দেশের প্রযুক্তি, অবকাঠামো ও উদ্ভাবন খাতের অন্যতম এ আয়োজনে দেশি-বিদেশি ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান তাদের নতুন প্রযুক্তি, সেবা ও উদ্ভাবনী ধারণা এক্সপোতে তুলে ধরেছে।
প্রদর্শনীর দ্বিতীয় ও শেষ দিনে সাপ্তাহিক ছুটি থাকায় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকে। পরিবার নিয়ে মেলায় আসা ক্ষুদ্র উদ্যোক্তা কামাল বলেন, ‘আমার একটি ছোট প্রতিষ্ঠান রয়েছে। আমি ছোট পরিসরে সৌরবিদ্যুৎ সংযোগ দিতে চাই, তাই এ মেলায় এসেছি। নান্দনিক আয়োজনের এ মেলায় এসে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি, যা আমার পরিকল্পনায় কাজে লাগবে।’
প্রদর্শনীতে ছোট পরিবারের জন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে বৃহৎ উৎপাদন কারখানার সোলার প্লান্ট স্থান পেয়েছে।
শেনজেন আইনেজি টেকনোলজি কোম্পানির কান্ট্রি ম্যানেজার রাসেল আহমেদ বলেন, ‘আমাদের যেমন ছোট্ট বা একক পরিবারের জন্য সৌরবিদ্যুৎ সংযোগের প্রযুক্তি রয়েছে, তেমনি রয়েছে বড় কারখানার সোলার সেটআপ। এ প্রযুক্তিতে সৌরবিদ্যুৎ সুবিধার পাশাপাশি জাতীয় গ্রিড থেকেও বিদ্যুৎ সংযোগের সুবিধাও রয়েছে।’
আয়োজক এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক বলেন, এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়, যা প্রদর্শনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বাণিজ্যিক গুরুত্বকে আরও শক্তিশালী করেছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, নির্মাণপ্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি, পণ্য ও সমাধান তুলে ধরতে পারে।
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সবুজ জ্বালানি শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি। এই প্রদর্শনী বিনিয়োগকারী, প্রযুক্তি প্রদানকারী ও ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ তৈরি করবে।
বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর এন্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)-এর সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল বলেন, নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নে নিরাপদ ও দক্ষ প্রযুক্তির ব্যবহার জরুরি। লিফট বিলাসী পণ্য নয়, বরং অপরিহার্য প্রযুক্তি। এটি মূলধনী যন্ত্রপাতি খাতে অন্তর্ভুক্ত করার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান এম. আজিজুর রহমান বলেন, জ্বালানি খাতে তথ্যভিত্তিক আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি বৃহস্পতিবার (৭ মে) প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
-B










