ঢাকা: নেপালের বেসরকারি বিমান সংস্থা শ্রি এয়ারলাইন্স নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। গত ১৭ এপ্রিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন) এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে বিমান সংস্থাটিকে ঢাকা এবং ভারতের দিল্লি ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।
আগে আন্তর্জাতিক গন্তব্যে শুধুমাত্র অনিয়মিত চার্টার ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল সংস্থাটির। এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক অনিল মানান্ধার বলেন, “এখন আমরা নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছি।”
ঢাকা ও ভারতের গন্তব্যে ফ্লাইট চালুর জন্য ‘ডেজিগনেশন’ প্রক্রিয়া শুরু করতে নেপাল সরকারের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে শ্রি এয়ারলাইন্স। পরবর্তীতে দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের জন্য সংস্থাটিকে সুপারিশ করবে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে প্রেরণ করা হবে।
এর আগে ৬ এপ্রিল সংস্থাটি সফলভাবে কলকাতায় একটি ডেমোনেস্ট্রেশন ফ্লাইট পরিচালনা করে। এই পরীক্ষামূলক ফ্লাইটে সিএএএন-এর আট জন প্রযুক্তিবিদসহ মোট ১৫ জন অংশ নেন। ইতিবাচক কারিগরি প্রতিবেদন পাওয়ার পর সিএএএন সংস্থাটির এয়ার অপারেটর সার্টিফিকেটে আন্তর্জাতিক সেক্টর যুক্ত করে।
দেশীয় ফ্লাইট পরিচালনা থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়া নেপালের দ্বিতীয় বেসরকারি এয়ারলাইন্স হলো শ্রি এয়ারলাইন্স। এর আগে ২০১০ সালে বুদ্ধ এয়ার এ ধরনের অনুমোদন পেয়েছিল।
বর্তমানে সংস্থাটি প্রতিদিন কমপক্ষে ৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে, যা নেপালের দেশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে তাদের অবস্থান তৃতীয় স্থানে রেখেছে। তাদের বহরে রয়েছে মোট ১৭টি উড়োজাহাজ—এর মধ্যে দুটি বোম্বার্ডিয়ার সিআরজে-২০০, সাতটি ডি হ্যাভিল্যান্ড কানাডা ড্যাশ-৮-৪০০, ছয়টি রুশ নির্মিত মিল এমআই-১৭ হেলিকপ্টার এবং দুটি ইউরোকপ্টার এএস৩৫০ বি৩ই হেলিকপ্টার।
প্রাথমিকভাবে আন্তর্জাতিক রুটে ড্যাশ-৮ এবং সিআরজে-২০০ উড়োজাহাজ ব্যবহার করবে সংস্থাটি। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে বহর সম্প্রসারণের জন্য তিনটি ন্যারো-বডি জেট উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
তবে নির্ধারিত ফ্লাইট চালুর আগে বাংলাদেশ ও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন নিতে হবে শ্রি এয়ারলাইন্সকে। অনুমোদন পাওয়ার পর দুই দেশেই স্থানীয় এজেন্ট নিয়োগ দিয়ে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হবে।
V