ক্রিপ্টোকারেন্সিতে কেনা যাবে এমিরেটসের টিকিট


ঢাকাঃ আকাশপথে ভ্রমণসেবাকে আরো আধুনিক করতে ক্রিপ্টোকারেন্সি দিয়ে টিকিট কেনার সুবিধা চালু করলো এমিরেটস।
নতুন এ সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক উড়োহাজাজ সংস্থাটি।
পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রথম বড় কোনো উড়োজাহাজ সংস্থা হিসেবে এমিরেটস এ ধরনের সেবা চালু করলো।
প্রাথমিক পর্যায়ে ক্রিপ্টো ডটকম পে সেবার মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ মিলবে। সুবিধাটি কেবল এমিরেটসের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে। তবে ওয়েবসাইটে প্রথমে অর্থের পরিমাণ দিরহামে দেয়া থাকবে। পেমেন্ট অপশনে গিয়ে বিটকয়েন বা অন্য কোনো ডিজিটাল মুদ্রা দিয়ে সে দিরহামের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।
তবে নির্দিষ্ট কোন কোন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হবে, তা স্পষ্ট করে বলা হয়নি। বিশ্বমানের অন্যতম বৃহৎ লেনদেনকারী প্লাটফর্ম ক্রিপ্টো ডটকমে ৪০০টিরও বেশি ডিজিটাল সম্পদ লেনদেন করা হয়। এর মধ্যে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, স্টেবলকয়েন টেদার ও ইউএসডি কয়েন ও নিজস্ব টোকেন ক্রোনো।
এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম জানান, ‘প্রযুক্তিভিত্তিক নতুন প্রজন্ম ও গ্রাহকদের সহজ লেনদেনের সুবিধা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। গ্রাহকরা এখন ভ্রমণের পরিকল্পনা ও অর্থ ব্যবস্থাপনা মুঠোফোনের মাধ্যমেই করতে চান। উড়োজাহাজ সংস্থাগুলোরও গ্রাহকদের এ চাহিদার সঙ্গে খাপ খাইয়ে চলা উচিত।’
তিনি জানান, আরব আমিরাত ও দুবাইকে ফিনটেক বা আর্থিক প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ উদ্যোগ তারই অংশ।
সংযুক্ত আরব আমিরাত ডিজিটাল বাজার সম্প্রসারণ ও নিয়ন্ত্রণের জন্য আগেই ভার্চুয়াল অ্যাসেটস রেগুলেটরি অথরিটি (ভারা) গঠন করেছে। এছাড়া দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার ও আবুধাবির এডিজিএম বিনিয়োগকারীদের এ বাজারে যুক্ত হতে উৎসাহিত করছে।
সিঙ্গাপুরভিত্তিক ক্রিপ্টো ডটকমের ৯০টি দেশে ১৫ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। মধ্যপ্রাচ্যে বেশ কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি কাজ করছে।
সংযুক্ত আরব আমিরাতে উড়োজাহাজের টিকিটে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের মে মাসে সারজাহর বাজেট এয়ারলাইন ‘এয়ার এরাবিয়া’ এ সুবিধা দেয়া শুরু করে। পরবর্তী সময় জুলাইয়ে এমিরেটস ও দুবাই ডিউটি ফ্রি যৌথভাবে ক্রিপ্টো ডটকমের সঙ্গে প্রাথমিক চুক্তি সই করে।
ক্রিপ্টো ডটকমের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার এরিক আনজিয়ানি বলেন, ‘এমিরেটসের সঙ্গে করা চুক্তি প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের দূরদর্শী দৃষ্টিভঙ্গির বড় প্রমাণ।’










