বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়লো


ঢাকাঃ কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে যে বহির্গমন ছাড়পত্র নিতে হয়, সেটির জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানো হয়েছে। এতদিন এ ফি সাড়ে ৩ হাজার টাকা থাকলেও এখন থেকে গুনতে হবে সাড়ে ৫ হাজার টাকা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিতকরণ এবং ডলারের বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ের জন্য এ কল্যাণ ফি (বিদেশগামী/বিদেশে অবস্থানরত/বিমানবন্দর থেকে আদায় করা) ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শাহজালাল বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আগামী ১ অক্টোবর থেকে নতুন এ কল্যাণ ফি কার্যকর হবে।’
২০১৫ সালে সরকার বিদেশগামীদের জন্য সাড়ে ৩ হাজার টাকা কল্যাণ ফি ঠিক করেছিল। কল্যাণ ফির সঙ্গে বীমা ফি হিসেবে ১ হাজার টাকা দিতে হয় আবেদনকারীকে। তবে বিএমইটির স্মার্ট কার্ডের জন্য একসময় ৫০০ টাকা ফি আদায় করা হলেও বর্তমানে তা দেয়া হচ্ছে বিনামূল্যে।
কল্যাণ ফি ও সামাজিক সুরক্ষার আওতায় নিবন্ধিত প্রবাসী কর্মী ও তাদের পরিবার একাধিক সরকারি সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে—প্রবাসে কোনো কর্মীর মৃত্যু হলে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছার পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকার চেক।
এছাড়া নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ৩ লাখ টাকা এককালীন অনুদান দেয়া হয়।
অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, তাদের সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী ডেটাবেজ এন্ট্রিসহ সার্বিক তদারকিও এ সেবার অংশ হিসেবে দেয়া হয়।










