সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী


সিলেট: যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৫ বোয়িং ৭৭৭-এর একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটকে আছে।
ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাওয়ার কথা। কিন্তু বিমান আটকে থাকায় চরম বিপাকে পড়েছেন ফ্লাইটটির ৪১৯ জন ওমরা যাত্রী।
সোমবার (৩ আগস্ট) সিলেট থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে উড্ডয়ন করার সময় পেরিয়ে প্রথম দফা উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায়। কিন্তু রানওয়েতে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট সেখান থেকে বিমানটিকে ফিরিয়ে আনেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক শরীফুল আলম আজ (৪ আগস্ট) সকালে বাংলাদেশ মনিটরকে যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করে জানান, বিমানের টেকনিক্যালজনিত সমস্যার কারণে প্রায় চারশত ওমরা যাত্রী বিপাকে পড়েছেন।
বিমানবন্দরে আটকা যাত্রীদের নিয়ে বিমান কর্তৃপক্ষও রয়েছে বিপাকে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘ত্রুটিপূর্ণ বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেই আছে। প্রকৌশলীরা বিমানটির যান্ত্রিক ত্রুটি সারাবার চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপারেশনের সঙ্গে কথা বলেছি। এখানে লোকাল ইঞ্জিনিয়ার রয়েছে। আসছে ঢাকা থেকেও।’ তবে কখন পরবর্তী ফ্লাইট হবে এ নিয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।
ওমরা যাত্রীদের বিভিন্ন হোটেলে নেয়া হয়েছে বলেও তিনি জানান।
ভুক্তভোগী অনেক বয়স্ক যাত্রী এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন। এ নিয়ে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে যাত্রীদের অপ্রীতিকর ঘটনাও ঘটছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন কর্মকর্তা জানান, চাপ সামলাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। যাত্রীদের বিষয়টি কোনোভাবেই বুঝানো যাচ্ছে না। তবে বিমানটি কবে কখন সচল হবে-এ ব্যাপারে নিশ্চিত কোন সঠিক তথ্য দিতে পারছে না বিমান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ মডেলের ওই উড়োজাহাজটি সোমবার (৩ অগাস্ট) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে সিলেট থেকে জেদ্দার পথে ৫ ঘণ্টা ১৫ মিনিট উড়ে রাত বাংলাদেশ সময় ১১ টা ১৫ মিনিটে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।










