শুরু হলো নতুন ওমরাহ ভিসা আবেদন


ঢাকাঃ হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এদিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। এছাড়া ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে ওমরাহ সংক্রান্ত অনুমতি, বুকিং এবং অন্যান্য সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি আরব।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ওমরাহ ও হজসেবা আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণ।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ ও আধুনিক সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।










