রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ শুরু ১২ আগস্ট


ঢাকাঃ রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১২ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’।
চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিষ্ঠান অংশ নেবে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২০২৮) প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়।
রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম সভাপতিত্ব করেন।
সভায় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়াকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রিহ্যাব জানায়, মেলায় দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং আবাসন খাতে বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।


